দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাঙালিদের বারো মাসে তের পার্বণ। বিভিন্ন উৎসবের মধ্যে, ভাইফোঁটা অন্যতম গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। বোন বা দিদিরা তাঁদের ভাই ও দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। ভাইফোঁটা উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়ল। প্রতিবছরের মতো এ বছর এদিন সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়া নবজাগরণ সংঘের উদ্যোগে ২০০ টি বাড়িতে গিয়ে ভাইফোঁটা উপলক্ষে এক প্যাকেট করে মিষ্টি প্রদান করা হল। নবজাগরণ সংঘের সেক্রেটারী রাজু ধীবর জানান, আমরা ক্লাবের সকল সদস্য মিলে এই সিদ্ধান্ত গ্রহন করি যে একটু অন্যরকম কিছু করার। তাই ভাইফোঁটা উপলক্ষে আমরা পাড়ার দিদি বা বোনদের আমরা ক্লাবের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট তুলে দিলাম। এটা আমরা ২০১৯ সালে শুরু করেছিলাম। তখন আমরা ২০০ টি বাড়িতে একটি করে কাঁসার প্লেট, দশ রকম মিষ্টি এবং দুর্বা ঘাস দিয়েছিলাম। কিন্তু করোনা অতিমারীর জন্য দুবছর থেকে আমরা এক প্যাকেট করে মিষ্টি দিচ্ছি। আমরা এখন ইন্টারনেটে দেখতে পাচ্ছি অনেকে আছে যাঁরা দশ বিশ রকম মিষ্টি সাজিয়ে ভাইফোঁটা দিচ্ছে। তাই যাঁদের সেরকম সামর্থ নাই তাঁদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য।
ভাইফোঁটা উপলক্ষে অভিনব উদ্যোগ দুবরাজপুরে।












Leave a Reply