মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো এগরা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার দুপুর নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম। অবৈধ বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবী বিস্ফোরণের জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে একাধিক মৃতদেহ। দেহগুলি আগুনে সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবী। প্রাথমিক ভাবে এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে দাবী, সেই সঙ্গে আরও প্রায় ৫ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন বেলার দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে খাদিকুল গ্রামের ভানু বাগের বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১ কিমি এলাকা কেঁপে উঠেছে বলে এলাকাবাসীরা দাবী জানিয়েছেন। এর জেরে গোটা বাড়িটিই ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ভানু স্থানীয় তৃণমূল নেতা বলেই এলাকাবাসীর দাবী। এই ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে দেখা যায় ঘটনাস্থল থেকে অনেকটা দূরে রাস্তার ওপর একের পর এক ঝলসে যাওয়া দেহ পড়ে রয়েছে। এই সম্বন্ধে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে সংবাদমাধ্যমে জানান, ‘‘ওড়িশা সীমানা থেকে কিছুটা দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *