এগরার খাদিকুল গ্রামে তৃণমূলের প্রতিনিধি দল গেলে তাকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বুধবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে গিয়েছিলেন পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া, দোলা সেন, সৌমেন মহাপাত্র ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতি। কিন্তু গ্রামে ঢুকতেই শ্লোগান ও বিক্ষোভের জেরে কর্মসূচী মাঝপথে থামিয়ে ফিরে যেতে বাধ্য হন তৃনমূল নেতৃত্বরা। বিক্ষোভের পাশাপাশি শুনতে হয় চোর স্লোগান,ক্ষুব্ধ মানস ভুঁইয়া জানান, “আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে এসেছিলাম। কিন্তু কিছু রাউডি অশান্তি পাকানোর ছক কষছিল। আমরা কোনও প্ররোচনায় পা দিইনি। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে আমরা ফিরে যাচ্ছি”।প্রসঙ্গতঃ মঙ্গলবার দুপুর নাগাদ এগরার ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে ভানু বাগের অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৯ জন গ্রামবাসী। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল চরম রাজনৈতিক দ্বন্দ্ব। গোটা ঘটনায় একে অন্যকে দায়ী করে পথে নেমেছে বিজেপি ও তৃণমূল।মানস বাবু আরও জানান, “সবটাই তদন্ত হবে। কেন স্থানীয়রা আগে এই বাজি কারখানার বিরুদ্ধে সরব হয়নি, কার মদতে এই বাজী কারখানা চালাচ্ছিল, পুলিশের ভূমিকা, স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা কি ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে”। তাঁর খেদ, “আজ কিছু লোক রাউডিজম করার জন্য এখানে ছিল, তবে আমরা মাথা ঠান্ডা রাখতে বলেছি সবাইকে”। দোলা সেন জানান, “আমরা কর্মীদের শান্ত থাকতে বলছি। মুখ্যমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। গোটা ঘটনায় জড়িতরা কঠোর শাস্তি পাবে” আশ্বস্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *