এলাকার সামগ্রিক পরিস্থিতির কোনও সুরাহা না পেয়ে ভোট বয়কটের ডাক দিল দোলাপাড়ার স্থানীয় বাসিন্দারা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  এলাকার সামগ্রিক পরিস্থিতির কোনও সুরাহা না পেয়ে এবার বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিল কোচবিহারের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দোলাপাড়ার বাসিন্দারা। এদিন সকালে বাসিন্দারা ভোট বয়কটের দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, ১০ বছরের বেশি সময় ধরে এলাকার পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। নিকাশি ব্যবস্থা এবং রাস্তাঘাট একেবারেই বেহাল হয়ে পড়েছে গোটা এলাকায়। বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানকেও বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। সেই কারণে বাধ্য হয়ে এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, এলাকায় পাঁচ শতাধিক পরিবারের বাস। জল পেরিয়েই তাঁদের শহরে আসতে হয়। শুধুমাত্র নিকাশি সমস্যাই নয়। এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, পথবাতির সমস্যাও। সেই কারণে এদিন মিছিলে শামিল হয়েছে এলাকার ছোট বড় সকলেই। আন্দোলনকারীদের পক্ষে কমলা রায় বলেন, ‘অনেক বছর ধরে এলাকায় এই অবস্থা। অনেকের বাড়িতেও জল ঢুকে গিয়েছে। প্রতিবছরই বর্ষার সময় আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। বিষয়টি নিয়ে কারও কোনও হেলদোল নেই। দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকায় এবার আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *