কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের হতে না হতেই এলাকা দখলের লড়াই শুরু হয়েছে গ্রামে গঞ্জে। সেই লড়াইয়ের মাঝে রাত হলেই মুড়ি মুরকির মতো বোমার আওয়াজে অতিষ্ট এলাকার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসার প্রাক মুহূর্তে সেই নিয়ে সক্রিয় জেলা প্রশাসন। শনিবার দুপুরে সীমান্তবর্তী গ্রাম সিতাই বিধানসভার একটি বাড়ি থেকে তিনটি তাজা বোমা সহ বোমা বাঁধাইয়ের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সিতাই থানার আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরভাঙ্গা আদাবাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় সিতাই থানার পুলিশ। সেখান গিয়ে পুলিশ দেখে বোমা বাঁধাইয়ের কাজ করছিল দুই যুবক। সেখান থেকে হাতে নাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন এবিষয়ে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান,সিতাই থানার পুলিশ বিশেষ তৎপরতায় মোরভাঙ্গা আদাবাড়ি গ্রামের বাসিন্দা সন্তোষ দাসের বাড়িতে হানা দেয়। সেখানে থেকে তার আরও এক সহযোগী সুরত দাসকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭০টি জর্দার কৌটা, লোহার স্প্লিন্টার ৩ কেজি, লোহার বল ৩ কেজি, মার্বেল ২ কেজি,চকোলেট বোমা ১৫০টি, লোহার পিন ১/২ কেজি,পাটের স্ট্রিং ৬ রোল, সহ বোমা তৈরির অন্যান্য বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply