বালুরঘাটের অধিষ্টাত্রী দেবী বুড়া কালী মাতার কাছে ভোগ নিবেদনের পরেই বাড়িতে নবান্ন উৎসব পালন করেন প্রচুর ভক্ত।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ– বালুরঘাটের অধিষ্টাত্রী দেবী বুড়া কালী মাতার কাছে ভোগ নিবেদনের পরেই বাড়িতে নবান্ন উৎসব পালন করেন প্রচুর ভক্ত। শনিবার সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে। বুড়াকালীর পুজোকে ঘিরে শহরবাসীর উন্মাদনা চরম পর্যায়ে ছিল এদিন। মন্দিরে অন্নভোগের জন্য ১৮০ টি হাঁড়ি জমা পড়ে। যেগুলি পরে ভক্তরা বাড়ি নিয়ে গিয়ে প্রসাদ গ্রহণের পরেই নবান্ন পালন করেছেন। এই মান্যতা দীর্ঘদিন পালন করে আসছেন শহরের অধিকাংশ মানুষ।

মন্দির কমিটির সম্পাদক গোপাল পোদ্দার জানান, ‘প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম দিন ভক্তরা মন্দিরে ভিড় করেন। এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। মায়ের মন্দিরে উত্তরোত্তর ভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে অন্ন ভোগ প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে গিয়ে তারপরেই তারা নবান্ন শুরু করেন।’

কালীপুজো কমিটির সম্পাদক অমিত মহন্তের কথায়, ‘এদিন প্রায় ৩০০ জন ভক্ত মন্দিরে মাকে দর্শনের জন্য এসেছিলেন। ১৮০ জন ভক্ত অন্ন ভোগ গ্রহণ করে নবান্ন পালন করেছেন। এদিন প্রচুর ভক্তের ভিড়ের কারণে নবান্ন উপলক্ষে দুজন পুরোহিত নিযুক্ত করা হয়েছিল। তারা ভক্তি ভরে সকাল থেকে সমান তালে পুজো করেছেন।’

মন্দিরে পুজো দিতে আসা অরুনাভ দত্ত বলেন, ‘বুড়া কালীর মাতার ভোগ গ্রহণের পরে নবান্ন শুরুর রীতি বহুদিন ধরে চলে আসছে। এখনও সাধারণ মানুষ সেই মান্যতা বজায় রেখে চলছেন। আমিও মাকে দর্শনের জন্য এসেছিলাম। মন্দির কমিটির সহযোগিতায় সুষ্ঠুভাবে সকলে ভোগ গ্রহণ ও পুজো দিতে পেরেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *