রানাঘাটের সোনার বিপণিতে ডাকাতির মামলায় শনিবার রানাঘাট মহাকুমা আদালতে প্রথম শুনানি হয়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের সোনার বিপণিতে ডাকাতির মামলায় শনিবার রানাঘাট মহাকুমা আদালতে প্রথম শুনানি হয়। এদিন দুপুরে কুন্দন যাদব সহ মোট চার অভিযুক্তকে আদালতে তোলা হয়।
শনিবার রানাঘাট মহাকুমা আদালতের বিচারক সৌমেন গুপ্তের এজলাসে মামলাটির শুনানি শুরু হয়। ডাকাতিকাণ্ডে মূল অভিযুক্ত কুন্দন কুমার যাদবকে এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিস আদালতে হাজির করে। অন্যদিকে বাকি তিন অভিযুক্ত রাজু কুমার পাসোয়ান, ছোট্টু কুমার পাসোয়ান এবং রিক্কি পাসোয়ানকে দমদম উপসংশোধনাগার থেকে নিয়ে আসা হয়। প্রায় ২০ মিনিটের শুনানি শেষে আদালতের বাইরে বেরিয়ে অভিযুক্তদের আইনজীবী বাসুদেব মুখোপাধ্যায় বলেন, গোটা মামলাটি মূলত ডিজিটাল তথ্যের উপর নির্ভর করছে। ডাকাতির সময় দোকানের সিসিটিভি ফুটেজ, ভাইরাল হওয়া ভিডিও পেনড্রাইভে ভরে আদালতের কাছে জমা দিয়েছে পুলিস। যেহেতু আমাদের কাছে সেটা এখনও পৌঁছয়নি, সে কারণেই এদিন ‘চার্জ ফ্রেম’ করা সম্ভব হয় নি।
অন্যদিকে বিহার পুলিসের ভূমিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সরকারি পক্ষের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি বলেন, বহু পুরনো মামলায় অভিযুক্তদের নাম জড়িয়ে তাদের বিহার নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিস। একটা চক্রান্ত চলছে। সেক্ষেত্রে ডাকাতির মূল মামলার বিচার প্রক্রিয়া বিলম্ব হওয়ার আশঙ্কা থাকছে। তাই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সেটি ফার্স্ট ট্র্যাক কোর্টে নিয়ে যেতে এদিন তিনি বিচারকের কাছে আবেদন জানান। আগামী ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *