অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাটে প্রজ্জ্বলিত হবে এক লক্ষ প্রদীপ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-অকাল দীপাবলি বালুরঘাটে। আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাটে প্রজ্জ্বলিত হবে এক লক্ষ প্রদীপ। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে ২২শে জানুয়ারি সন্ধ্যায় আত্রেয়ী নদী তীরে এক লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চলবে সন্ধ্যা আরতি। ২২ জন পুরোহিত আত্রেয়ী নদীতে সন্ধ্যা আরতি করবেন।

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বাইশে জানুয়ারি বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে এক লক্ষ প্রদীপ জ্বালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে প্রদীপ সংগ্রহের পাশাপাশি জেলা এবং জেলার বাইরের বিভিন্ন স্থান থেকে প্রদীপ সংগ্রহের কাজ চলছে।

এই অকাল দীপাবলীর কারণে খুশি কুমোর পাড়ার পলেরা। বালুরঘাটের এক মৃৎশিল্পী জানান, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কুমোর বাড়ির পালেরা যে পরিমাণ প্রদীপ বিক্রি করেছে, কালীপুজোর সময়ও সেই পরিমাণ প্রদীপ বিক্রি হয়নি। স্বাভাবিকভাবেই, এই অকাল দীপাবলিতে খুশি তারা।

জানা গিয়েছে এক লক্ষ প্রদীপ জ্বালাতে আনুমানিক এক কুইন্টাল সর্ষের তেল এবং সন্ধ্যা আরতির জন্য বেশ কয়েক কেজি ঘি আনা হবে। শুধুমাত্র প্রদীপ জ্বালাতেই কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন। ইতিমধ্যেই প্রদীপ আনা থেকে শুরু করে নদী ঘাট পরিষ্কার সহ আনুসঙ্গিক কাজের চুড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করেছে জেলা বিজেপি।

বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান, বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে আগামী ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সন্ধ্যায় বালুরঘাট আত্রেয়ী নদী তীরে এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এছাড়া সারাদিনব্যাপী বিভিন্ন মন্দিরে পুজোপাট চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *