
নিজস্ব সংবাদদাতা, মালদা—-গভীর রাতে বিজেপি বিধায়কের সামনে রাখা বিধায়কের গাড়ি চুরি ও নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করল দুষ্কৃতীরা। পুরো ঘটনা ধরা পড়ল বিধায়কের বাড়িতে লাগানো সিসিটিভিতে। যা দেখে প্রাণনাশের আশঙ্কা করে, নিজের এবং পরিবারের নিরাপত্তার অভাব বোধ করে পুলিশে লিখিত অভিযোগ করলেন বিজেপি বিধায়ক। আর এই ঘটনাকে ঘিরেই জোর চাঞ্চল্য ছড়াল মালদার গাজোল থানা এলাকায়। জানা গেছে, গাজোলের বিজেপি বিধায়ক চিনায় দেব বর্মণের বাড়ি রয়েছে গাজোলের শংকরপুর সংলগ্ন সুকান্তপরী এলাকায় ৫১২নং জাতীয় সড়কের ধারে। সেই বাড়ির সামনেই গত ২৭ তারিখ গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে তিনি বাড়ির বাইরে থাকায় শনিবার বাড়ি ফিরে এসে এই ঘটনায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। ওইদিন গভীর রাতে দুষ্কৃতীরা তার বাড়ির সামনে রাখা তার গাড়িতে চুপিসারে চড়াও হয়। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলে এবং গাড়ির একাধিক তার কেটে নষ্ট করে। যা ধরা পড়েছে সিসিটিভিতে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে দুষ্কৃতীরা তার গাড়ি চুরি বা গাড়িতে কোন নাশকতামূলক ঘটনা ঘটাতে চেয়েছিল। এতে তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। এছাড়াও নিজের ও পরিবারের নিরাপত্তার অভাববোধ করছেন। তাই গোটা ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার দাবী জানাচ্ছেন।












Leave a Reply