বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত হলেন তিনজন। জানা গেছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ পাথর বোঝাই একটি লরি ১২নং জাতীয় সড়কে মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় লরিটি প্রচন্ড গতিতে থাকায় পুরাতন মালদার নারায়ণপুর চাকি মোড়ের কাছে লরি চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন লরি প্রথমে একটি জেসিবি গাড়িতে ধাক্কা মারে। সেই ধাক্কায় জেসিবি গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এরপর লরি গিয়ে রাস্তার পাশের এক গাড়ির শোরুমে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় শোরুম ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে শোরুমের নৈশ প্রহরীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও জেসিবির চালক ও খালাসি সহ লরি চালক আহত হন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা জানান, লরিগুলি বেপরোয়া গতিতে চলাচল করার জন্য হামেশায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই পুলিশ প্রশাসনের উচিত, লরিগুলির গতি নিয়ন্ত্রণ আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *