শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট ব্লকের চিংগিসপুরে উদযাপিত হল বিজয় দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- দেশপ্রেমে উজ্জীবিত পরিবেশে ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরে যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে সাহসিকতা ও দৃঢ়তা প্রদর্শন করেছিল, সেই বলিষ্ঠ প্রতিরোধকে সম্মান জানিয়ে বিজয় দিবস উদযাপিত হয় তেজদীপ্ত পরিবেশে।

অনুষ্ঠানে বিধায়ক অশোক কুমার লাহিড়ী বলেন, “ভারতীয় সেনা কেবল সীমান্ত রক্ষা করছে না, বরং দেশের গর্ব, আত্মবিশ্বাস ও নিরাপত্তার প্রতীক। কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল, তার পর আমাদের সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

স্থানীয় মানুষজন, বিজেপি কর্মী-সমর্থক ও যুব সম্প্রদায়ের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি দেশাত্মবোধের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে। মোমবাতি প্রজ্বালন, শহিদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন ও দেশভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এদিনের বিশেষ আকর্ষণ।

বিজয় দিবস উদযাপন ঘিরে গোটা চিংগিসপুর জুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেমের আবেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *