আটমাইল হাটে জাল নোট কাণ্ড: হাঁসের বাচ্চা কিনতে এসে যুবক ধরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- হাঁসের বাচ্চা কিনতে এসে জাল নোট দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বৃহৎ আটমাইল হাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক হাঁস বিক্রেতা রবিউল আলমের দোকান থেকে ৮২০০ টাকার হাঁসের বাচ্চা কিনতে আসে। টাকা দেওয়ার সময় সে বিক্রেতার হাতে দেয় ১৬টি ৫০০ টাকার নোট। নোট দেখে বিক্রেতার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই তাকে হাতেনাতে ধরে হাট কর্তৃপক্ষের হাতে তুলে দেন।ঘটনার জেরে বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাট কর্তৃপক্ষ প্রফুল্ল সরকার জানান, ধৃত যুবকের কাছ থেকে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জানা গেছে, তার বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। এখন প্রশ্ন উঠছে, এত জাল নোট যুবকের কাছে এলো কোথা থেকে এবং এর নেপথ্যে আরও বড় কোনও চক্র রয়েছে কি না। আটমাইল হাটে এই প্রথম জাল নোট দিয়ে সামগ্রী কেনার ঘটনা ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, ধরা না পড়লে সাধারণ মানুষ মারাত্মকভাবে ঠকতেন। এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *