
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে গড়বেতা গ্রামীণ হাসপাতাল চত্বর। হাসপাতালের মূল ভবন ও আশপাশের এলাকা জলে ডুবে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন রোগী থেকে শুরু করে তাদের পরিজনেরা।
রবিবার সকাল থেকে শুরু হওয়া অতি ভারী বৃষ্টির জেরে দুপুর নাগাদ হাসপাতাল প্রাঙ্গণে হাঁটুর সমান জল জমে যায়। এমনকি স্বাস্থ্য কেন্দ্রের ভিতরেও জল ঢুকে পড়ে। রোগী ও চিকিৎসক—দু’জনকেই ভিজে পথে চলাচল করতে হচ্ছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আউটডোর বিভাগে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’একদিন ধরেই এলাকায় ধারাবাহিক বৃষ্টি চলছে। রবিবারের প্রবল বর্ষণে সেই পরিস্থিতি আরও প্রকট হয়। হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও বৃষ্টির জল নিষ্কাশনের অভাবেই এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।
রোগীদের পরিবার-পরিজনরা জানিয়েছেন, “হাঁটুজল পেরিয়ে রোগীকে হাসপাতালে আনা-নেওয়া করতে হচ্ছে। ভিতরে জল ঢুকে যাওয়ায় ভয় লাগছে সংক্রমণেরও।”
এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।












Leave a Reply