
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকায় বাবার নাম ভুল হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুরে। অভিযোগ, এই ঘটনায় মানসিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন রাজেশ আলী নামে এক যুবক। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথের। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাজেশ আলী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকেরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, রাজেশের অবস্থা সংকটজনক।
পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম সঠিকভাবে ছিল, কিন্তু নতুন ভোটার তালিকায় নামটি ভুলভাবে লেখা হয়েছে। সেই কারণেই আতঙ্ক ও মানসিক চাপে ভুগছিলেন রাজেশ। পরিবার নির্বাচন কমিশনের অবহেলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।












Leave a Reply