
মালদা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার ভাঙনে বহু বছর আগে ভিটে-মাটি হারালেও এবার নাগরিকত্ব হারানোর ভয় গ্রাস করেছে মালদার মোথাবাড়ি বিধানসভার বাঙ্গি টোলা অঞ্চলের প্রায় দুই হাজার বাসিন্দাকে। ২০০২ সালের ভোটার তালিকায় হঠাৎই তাদের নাম গায়েব হয়ে যাওয়ায় গোটা গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গি টোলার ২৯ নম্বর উমেত হাজিটোলা বুথের প্রায় দুই হাজার ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই। অথচ তাঁদের সবার কাছেই বৈধ ভোটার কার্ড রয়েছে, এবং পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা—সব নির্বাচনে নিয়মিত ভোট দিয়ে এসেছেন তারা।
কেন নেই নাম তালিকায়?
গ্রামবাসীরা জানান, এসআইআর ঘোষণা হতেই তারা পুরনো ভোটার তালিকা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। ফলে উদ্বেগ বাড়ছে—এভাবে নাম না থাকলে ভবিষ্যতে নাগরিকত্ব বা সরকারি পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে পারেন তারা।
গঙ্গা ভাঙনের ইতিহাস
১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে ভয়াবহ ভাঙনে মানিকচক বিধানসভার কেবি ঝাউবোনা অঞ্চলের ১১টি বুথ সম্পূর্ণভাবে গঙ্গার গর্ভে বিলীন হয়ে যায়। সেই সময় ভিটে-মাটি হারানো মানুষেরাই পরে আশ্রয় নেন মোথাবাড়ির বাঙ্গি টোলা অঞ্চলে।
ভোটার কার্ড নতুন ঠিকানায় আপডেট হলেও পুরনো তালিকায় তাদের নাম পুনর্নির্মাণ করা হয়নি বলে আশঙ্কা করা হচ্ছে।
সমস্যার সমাধানে এগিয়ে এলেন নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা
গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি। তারা ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ ও আবেদন জানিয়েছেন।
গ্রামবাসীদের দাবি—
“আমরা তো বছরের পর বছর ভোট দিয়ে আসছি। কার্ড আছে, সব নথি আছে। তালিকায় নাম নেই মানে কী? এখন কি আমরা ‘নাগরিক নই’ হয়ে গেলাম?”
আতঙ্কে দিন কাটছে পরিবারগুলির। দ্রুত সমাধানের অপেক্ষায় গোটা এলাকা।












Leave a Reply