ভোটারদের তথ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়া তাদের পক্ষে সম্ভব নয়, জানিয়ে দিলেন বিএলও’রা।

দেবাশীষ পাল মালদা : —- মালদা জেলার হবিবপুর ব্লকের বিভিন্ন বুথের ভোটারদের তথ্য ডিজিটালাইজেশনকে কেন্দ্র করে চাপে পড়েছেন বুথ লেবেল অফিসাররা। ব্লকের বিভিন্ন এলাকার একাধিক বিএলও এদিন হবিবপুরের বিডিও তথা ইআরও-কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, তাঁদের পক্ষে ভোটারদের তথ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

চিঠিতে বিএলও–রা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে অনেকেই ডিজিটাল সিস্টেম পরিচালনায় দক্ষ নন এবং বেশির ভাগের কাছেই নেই উপযুক্ত প্রযুক্তিগত পরিকাঠামো ছাড়াও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা ও অভিজ্ঞতা। ফলে ভোটার তালিকা সংশোধন ও আপডেটের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল কাজে অংশগ্রহণ করা তাঁদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

এই অবস্থায় বিপাকে পড়েছেন হবিবপুরের ইআরও। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটারদের তথ্য ডিজিটালাইজ করা বাধ্যতামূলক। কিন্তু বিএলও’দের এই অযোগ্যতা ও পরিকাঠামোগত ঘাটতি পুরো প্রক্রিয়াকেই থমকে দিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বুথে নিখুঁত তথ্যসংগ্রহ ও তা দ্রুত অনলাইন সিস্টেমে আপলোড করা জরুরি। কিন্তু বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না।

এদিকে স্থানীয় প্রশাসনিক মহল মনে করছে, যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ছাড়া এই বাধা কাটানো কঠিন। অনেকে মনে করছেন, বিএলও-দের হাতে স্মার্টফোন বা ট্যাব থাকলেই সম্ভব হবে না, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মশালা এবং ডিজিটাল সহায়তা কেন্দ্র গড়ে তোলা হলে সমস্যা অনেকাংশে মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে।

এখন দেখার বিষয়, ইআরও এই সংকট সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনের তরফে দ্রুত সিদ্ধান্ত না এলে ভোটার তালিকা সংশোধন ও যাচাই-পর্বে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক বিএলও-র একযোগে এমন ঘোষণায় পুরো নির্বাচনী প্রস্তুতিতেই নেমেছে অনিশ্চয়তার ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *