
মালদা, নিজস্ব সংবাদদাতা:—কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি, আতঙ্কে মোজমপুর—পুলিশি নজরদারিতে প্রশ্ন কালিয়াচক আবারও দুষ্কৃতীদের দাপটে তেতে উঠেছে। বুধবার সন্ধ্যায় মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তে লোকশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। গত চারদিনে ধারাবাহিক খুন, গুলি ও হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াচক। মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে এখন পুলিশের ভূমিকাই।
স্থানীয় সূত্রের দাবি, মোজমপুরের এক রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বহু রাউন্ড গুলি চালায়। বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক। হঠাৎ গুলির শব্দে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন গ্রামবাসীরা। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ক্ষোভ কমেনি মানুষের। অভিযোগ,
“ঘটনা ঘটার পরই শুধু পুলিশ আসে। আগাম প্রতিরোধ নেই কেন?”
টানা অপরাধের জেরে পুলিশি টহল, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ—সবই প্রশ্নের মুখে পড়েছে।
বাসিন্দাদের সরাসরি মন্তব্য,
“কালিয়াচকে আবার দুষ্কৃতীদের রাজত্ব ফিরছে। এবার পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতেই হবে।”
এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের পরিচয়, হামলার উদ্দেশ্য ও নেপথ্যের চক্র উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।












Leave a Reply