কুশমন্ডি পূর্ব চক্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে সম্পন্ন।

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার মহিপাল উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় চারটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯৫টি বিদ্যালয়ের ২৩৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
সকাল থেকেই মাঠ ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। ছাত্রছাত্রীরা রঙিন কুচকাওয়াজ, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশ করে দর্শকদের মন কেড়ে নেয়। ৩৭ নং কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা রূপসানা খাতুন, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষা পিউ ঘোষ, মহিপাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ শিক্ষক ও ক্রীড়া প্রশিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ ও রিলে রেসসহ বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়। শেষপর্যন্ত বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও শংসাপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত ছাত্রছাত্রীরা আগামী ২৭ তারিখ সাবডিভিশনাল স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *