জাজইল গ্রাম পঞ্চায়েতে বার্ষিক গ্রাম সভা, উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক কর্মসূচিতে জোর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— হবিবপুর ব্লকের অন্তর্গত জাজইল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হল। শুক্রবার সকাল ১১টা থেকে জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকরা হাই স্কুল প্রাঙ্গণে এই গ্রাম সভার আয়োজন করা হয়।

গ্রাম সভায় ২০২৫–২৬ অর্থবর্ষের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ২০২৬–২৭ অর্থবর্ষের জন্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি পঞ্চায়েতের তরফে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিবেদনও পেশ করা হয়।
এই গ্রাম সভাকে কেন্দ্র করে সামাজিকভাবে ন্যায্য ও সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম গঠনের লক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। স্কুলের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছোট ছোট খুদেরা নাচ ও গানের মাধ্যমে মন মাতিয়ে তোলে উপস্থিত দর্শকদের। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এদিনের গ্রাম সভায় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, জাজইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা বর্মন রায়, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *