তাল ও লয়ের শ্রদ্ধাঞ্জলি: পণ্ডিত বাবলু রায় স্মরণে সংগীতানুষ্ঠান।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কিংবদন্তি তবলা বাদক পণ্ডিত বাবলু রায়ের স্মৃতিতে এক আবেগঘন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। হাওড়ার বালি লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই স্মরণসভায় সংগীতের মাধ্যমে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহরের বিশিষ্ট সংগীতশিল্পীরা।
অনুষ্ঠানের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পণ্ডিত বাবলু রায়ের সুযোগ্য পুত্র রূপক রায়। এদিন বালি লাইব্রেরি হল যেন শুধুই একটি অনুষ্ঠানস্থল নয়, বরং স্মৃতি, শ্রদ্ধা ও সংগীতের আবেগে ভরপুর এক মিলনক্ষেত্রে পরিণত হয়।
মঞ্চে একের পর এক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় পণ্ডিত বাবলু রায়ের দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবন। তাঁর তবলা সাধনা, কঠোর রেওয়াজ, ছন্দবোধ এবং গুরুশিষ্য পরম্পরার প্রতি তাঁর অগাধ দায়বদ্ধতার কথা উঠে আসে শিল্পীদের বক্তব্যে। সংগীতজগতের স্বর্ণযুগের বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে তিনি তবলার সঙ্গত করেছেন—এই স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
যাঁরা পণ্ডিত বাবলু রায়কে কাছ থেকে দেখেছেন বা তাঁর সান্নিধ্যে কাজ করেছেন, তাঁদের কণ্ঠে উঠে আসে এক নিষ্ঠাবান, আপসহীন ও সাধনামগ্ন শিল্পীর প্রতিচ্ছবি। তবলার প্রতি তাঁর সততা ও সংযম আজও পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় বলে মত প্রকাশ করেন বক্তারা।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এই স্মরণসভা কেবল একটি স্মৃতিচারণের অনুষ্ঠান নয়, বরং একজন পথপ্রদর্শক শিল্পীর প্রতি সংগীতজগতের সম্মিলিত শ্রদ্ধার প্রকাশ। পণ্ডিত বাবলু রায়ের তবলার ঝংকার, ছন্দ ও লয়ের আবেশ আজও বাংলা বাদ্যসঙ্গীতের প্রতিটি তালচক্রে প্রতিধ্বনিত হয়—এই অনুভবেই অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *