ছাত্র সপ্তাহে রঙিন খাদ্য উৎসব, সুস্বাদু খাবারে মাতল কড়ই চ্যাঁচড়া স্কুল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দুধ পুলি, পাটি সাপটা, পায়েস থেকে শুরু করে চাউমিন, মোমো, চিলি চিকেন—এক ঝলক দেখলেই জিভে জল চলে আসে। এমনই নানান সুস্বাদু খাবারের সম্ভারে ভরে উঠল তপন ব্লকের কড়ই চ্যাঁচড়া নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট (ইংলিশ মিডিয়াম) স্কুল প্রাঙ্গণ। ছাত্র সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার স্কুলে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর খাদ্য উৎসব।
বেলা প্রায় ১টা নাগাদ ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার নিয়ে স্কুলে হাজির হয়। সারি সারি টেবিলে সাজানো হয় খাবারের স্টল। কোথাও ছিল চিঁড়ের নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তেল পিঠে, ভাজা পুলি, দুধ পুলি, মশলা পুলি, ভাপা পিঠে, সরা পিঠে ও পায়েস। আবার অন্য স্টলগুলিতে দেখা যায় সেমাই, ডিম টোস্ট, সিঙারা, চাউমিন, মুড়ি-ঘুগনি, চালের রুটি, মুরগির মাংস, খাসির মাংস, বেগুনের চপ, ধনেপাতার চপ, চিকেন ললিপপ।
এছাড়াও ছিল চিকেন ফ্রায়েড রাইস, আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পনির ফ্রায়েড রাইস, এগরোল, ফুচকা সহ নানা মুখরোচক খাবার। ফলের স্টলও ছিল আলাদা ভাবে সাজানো। ছাত্রছাত্রীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজেরাই কেনাবেচার দায়িত্ব সামলায়, যা তাদের আত্মবিশ্বাস ও বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়।
খাবারের পাশাপাশি পড়ুয়াদের তৈরি হস্তশিল্পের স্টলও বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এই খাদ্য উৎসবকে ঘিরে কড়ই চ্যাঁচড়া এলাকার বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষিকারাও এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *