আইপ্যাক দফতরে ইডি হানার প্রতিবাদে বামনগোলায় বিজেপির পথ অবরোধ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ভোট কৌশল সংস্থা আইপ্যাকের দফতরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হানাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অভিযোগ, ওই দফতরে তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনেই একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দৃশ্য সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এই ঘটনাকে ‘তথ্য চুরি’ বলে অভিযোগ তুলে শুক্রবার বিকেলে মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বামনগোলা বিজেপির নেতা-কর্মীরা মালদা–নালাগোলা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়ে যাওয়া গুরুতর অপরাধ। বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন। তাঁদের দাবি, আইনের ঊর্ধ্বে কেউ নয়, মুখ্যমন্ত্রী হলেও নয়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *