পুরাতন মালদার আদমপুর থেকে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, উদ্ধার দুই দেশের সিম কার্ড।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতের পরিচয় নিশ্চিত হয়। ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড ও একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল বলে জানা যায়। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, সীমান্ত পারাপারের সঙ্গে কোনও চক্র জড়িত থাকতে পারে।
বিএসএফ-এর দাবি, কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ওই যুবক। কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এবং এই অনুপ্রবেশে কারা তাঁকে সহযোগিতা করেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে মালদা থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক দাবি করেছে, আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই সে ভারতে এসেছিল। তবে এই বক্তব্যের সত্যতা যাচাই করতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *