চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই উন্নয়নের কাজ শুরু, বালুরঘাটে রাস্তা শ্রী প্রকল্পে রাস্তার সূচনা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : গত ১৭ তারিখ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরের উন্নয়নে সক্রিয় হলেন নবনিযুক্ত চেয়ারম্যান সুরজিৎ সাহা। সোমবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘রাস্তা শ্রী’-র আওতায় একটি রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।বালুরঘাট শহরের আর্য সমিতি পাড়া এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসীর বহুদিনের দাবি মেনে প্রায় ৯ লক্ষ ৪৯ হাজার টাকার বেশি ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
এলাকার বাসিন্দা বাবলি মজুমদার জানান, দীর্ঘদিন ধরেই রাস্তাটি সংস্কারের দাবি জানানো হচ্ছিল। একাধিকবার কাউন্সিলরের কাছে আবেদন করার পর অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর প্রথম উন্নয়নমূলক কাজ হিসেবে এই রাস্তার কাজ শুরু করায় এলাকাবাসী খুশি বলেও জানান তিনি।এলাকার কাউন্সিলর শিপ্রা খাঁ বলেন, বাসিন্দারা দীর্ঘদিন ধরেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কাজ শুরু হওয়ায় তিনিও সন্তোষ প্রকাশ করেন।এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, রাস্তা শ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার সংস্কার করা হবে। প্রায় নয় লক্ষ টাকার বেশি ব্যয়ে কাজটি সম্পূর্ণ হবে এবং এতে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *