মালদায় মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য, ১৭ কেজি ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৫।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযানে চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির কাঁচামাল, বিভিন্ন সরঞ্জাম, চার চাকা গাড়ি , একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করল সোমবার রাতে। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল পাঁচ মাদক কারবারি। এদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ। যাদের মধ্যে কারও বাড়ি প্রতিবেশি রাজ্য বিহারে। আবার কারও বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়। ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মালদা পুলিশ লাইনে বসে প্রেস বিবৃতি দিয়ে জানালেন, মালদা জেলা পুলিশ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে। সেই সূত্র ধরেই সোমবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ইংরেজবাজার থানার কুমারপুর এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকান্ড চলছে। এই খবর পেয়েই জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজন মহিলা এবং দুজন পুরুষ সহ মোট পাঁচজনকে পাকড়াও করে। এছাড়াও ওই গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১৭ কেজি ব্রাউন সুগার, ব্রাউন সুগার তৈরির বিভিন্ন কাঁচামাল, প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম, একাধিক চার চাকা গাড়ি, একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় ৮ লক্ষ টাকা। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *