দক্ষিণ দিনাজপুরে দ্বিতীয় দিনেও বাল্যবিবাহ মুক্ত রথের ব্যাপক প্রচার অভিযান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলায় বাল্যবিবাহ মুক্ত রথ-এর ধারাবাহিক উদ্বোধন ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি আয়োজন করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ দপ্তরের সহযোগিতায় ও প্রচারে শক্তি বাহিনী-র উদ্যোগে।
এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ মুক্ত রথের মাধ্যমে সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালিত হয়। দিনের শুরুতে রথটি পৌঁছায় হিলি এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (AHTU) ,হিলি বিএসএফ বিওপি এলাকায়। সেখানে উপস্থিত আধিকারিকরা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে প্রশাসনিক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে রথটি হিলি ব্লক কার্যালয়ে পৌঁছায়, যেখানে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন চিরঞ্জিত সরকার, বিডিও, হিলি ব্লক। এরপর রথটি পতিরাম থানায় পৌঁছায়। সেখানে উপস্থিত ছিলেন এলএসআই আফরোজা ইসলাম, যিনি বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের আইনি পদক্ষেপ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
এরপর রথটি কুমারগঞ্জ থানায় যায়, যেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সার্কেল ইন্সপেক্টর অমরেশ সিংহ। পরে কুমারগঞ্জ ব্লক অফিসে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীবাস বিশ্বাস, বিডিও, কুমারগঞ্জ ব্লক। পাশাপাশি সমঝিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়।
এই প্রচার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বাল্যবিবাহের আইনগত দিক, সামাজিক ও স্বাস্থ্যগত কুফল সম্পর্কে অবহিত করা হয়। জেলা প্রশাসন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, জেলা পুলিশ দপ্তর ও শক্তি বাহিনীর সমন্বিত উদ্যোগে এই বাল্যবিবাহ মুক্ত রথের অভিযান আগামী দিনগুলিতেও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *