
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- সামনেই বিধানসভা নির্বাচন। বালুরঘাট বিধানসভা দখলকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই বিশেষ দায়িত্ব দিয়ে বালুরঘাটে পাঠানো হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও নাট্যকর্মী অর্পিতা ঘোষকে। এলাকার প্রতিটি অলিগলি তাঁর চেনা হলেও সংগঠনকে আরও মজবুত করতে বালুরঘাটে পৌঁছনোর পর থেকেই লাগাতার বৈঠকে ব্যস্ত তিনি।বুথ, ওয়ার্ড, ব্লক ও অঞ্চল কমিটি ধরে ধরে সংগঠন ঝালিয়ে নেওয়ার পাশাপাশি শুক্রবার বালুরঘাট পৌরসভার সুবর্ণতট সভাগৃহে তৃণমূলের লিগাল সেলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন অর্পিতা ঘোষ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি ঋতব্রত চক্রবর্তী সহ জেলার একাধিক তৃণমূলপন্থী আইনজীবী।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা ঘোষ জানান, এসআইআর সংক্রান্ত বিষয়ই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।তাঁর কথায়, “এসআইআর প্রক্রিয়ায় যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়, সে ক্ষেত্রে আপিলের সুযোগ রয়েছে। সেই সময় লিগাল সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই বিষয়গুলি নিয়েই প্রাথমিক আলোচনা করা হয়েছে।”পাশাপাশি তিনি জানান, শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক শহর বালুরঘাটে নির্বাচনী লড়াইয়ে আইনজীবীদের সহযোগিতা সংগঠনের পক্ষে বিশেষ প্রয়োজন। সেই কারণেই লিগাল সেলের সঙ্গে এই বৈঠক বলে জানান তিনি। নির্বাচনের আগে সংগঠন ও আইনি প্রস্তুতি—দু’দিক সামলেই বালুরঘাটে তৃণমূলের রণকৌশল স্পষ্ট হতে শুরু করেছে।












Leave a Reply