ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু: গাফিলতির অভিযোগে পুলিশ ক্যাম্পে রণক্ষেত্র।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং এখানে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন।

প্রাথমিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ বাবু হঠাৎ অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের দাবি, পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে। সময়মতো চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না মেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

এই মৃত্যুর খবর জানাজানি হতেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়াররা । তাঁদের অভিযোগ, ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা বা আপৎকালীন কোনো পরিষেবা নেই। এছাড়া, অতিরিক্ত মানসিক চাপের ফলেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে কেউ কেউ দাবি করেছেন । বর্তমানে ক্যাম্পের ভিতরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সহকর্মীরা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন।

ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বয়ান দেওয়া হয়নি। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে । পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তাঁরা পৌঁছালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *