
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শহরবাসীর প্রাতঃভ্রমণ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ক্যানেলের দু’পাশে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নিল গঙ্গারামপুর পুরসভা। সোমবার বিকেল পাঁচটা নাগাদ গঙ্গারামপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ায় এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফলক উন্মোচন ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজাতা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
গঙ্গারামপুর শহরের ১৭,১১ ও ৭ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গিয়েছে সুদীর্ঘ একটি ক্যানেল। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা ক্যানেলের দুই ধারে উপযুক্ত রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে সেখানে কাঁচা পথ থাকায় বর্ষাকালে সমস্যার সৃষ্টি হতো এবং প্রাতঃভ্রমণকারীদেরও অসুবিধায় পড়তে হতো। প্রাত:ভ্রমনকারীদের যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় সেদিকে নজর দেয় গঙ্গারামপুর পুরসভা।নতুন এই রাস্তা নির্মিত হলে শুধু হাঁটাচলার সুবিধাই নয়, এলাকার সামগ্রিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।
চেয়ারম্যান জানান, শহরের উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পুরসভা ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে বহু মানুষ উপকৃত হবেন।












Leave a Reply