৬ ও ৭ মার্চ দক্ষিণ দিনাজপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, সাংবাদিক বৈঠকে ঘোষণা জেলা সভাপতির।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় জনতা পার্টি-র উদ্যোগে আগামী ৬ ও ৭ মার্চ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘পরিবর্তন যাত্রা’। শনিবার এই কর্মসূচি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন দলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
তিনি জানান, ৬ মার্চ পরিবর্তন যাত্রা ফতেপুর, কুশমন্ডি, বুনিয়াদপুর, ঠ্যাংগাপাড়া এবং গঙ্গারামপুর হয়ে পরিক্রমা করবে। পরদিন অর্থাৎ ৭ মার্চ যাত্রাপথ থাকবে ফুলবাড়ি, পতিরাম, পরানপুর, বালুরঘাট, বালাপুর লস্করহাট, তপন এবং আমতলী বাজার।
জেলা সভাপতি বলেন, এই পরিবর্তন যাত্রায় বিজেপির প্রথম সারির নেতা-নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-ও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে তিনি জানান।
স্বরূপ চৌধুরী আরও বলেন, পরিবর্তন যাত্রা মূলত একটি রথ বা সেই সদৃশ বিশেষভাবে সজ্জিত গাড়ির মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং বিজেপির বার্তা জেলার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। তিনি জানান, ইতিমধ্যেই দলীয় নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী-সমর্থকদের এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
যে সমস্ত এলাকায় পরিবর্তন যাত্রা পৌঁছাবে, সেখানে স্বাগত সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি। কর্মসূচির শেষ দিন আমতলী ঘাটে একটি বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন জেলা বিজেপি সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *