
মালদা, নিজস্ব সংবাদদাতা:- হোলির পরের দিন সকালেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায়। বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি হালদার পাড়া চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীর ধারে জলে ভাসতে দেখা যায় প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির দেহ।স্থানীয় বাসিন্দারা নদীতে দেহটি ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত মালদা থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নদীপাড়ে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ।ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন এবং তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে, কয়েকদিন আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি হিসেবে তাঁকে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।












Leave a Reply