বালুরঘাটে বিজেপির পরিবর্তন যাত্রা, উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সংগঠন শক্তিশালী করতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বালুরঘাট বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো শনিবার। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিন পরিবর্তন যাত্রার রথ বালুরঘাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পথে পথে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা রথকে স্বাগত জানান। পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তাই আগামী দিনে বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে বিজেপিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চান এবং সেই পরিবর্তনের লক্ষ্যে বিজেপি এই পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষের সমর্থন ও আশীর্বাদ পেলে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলেও তিনি দাবি করেন।
এই কর্মসূচিতে বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *