গাড়ির ভিতরে তল্লাশিতে মিলল নোটের বান্ডিল, চাঞ্চল্য আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আদর্শ আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারির মধ্যে বড়সড় টাকা উদ্ধারের ঘটনা সামনে এল আলিপুরদুয়ার জেলায়। একটি সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল তাড়া তাড়া নোটের বান্ডিল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর প্লেটযুক্ত একটি গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভিতরের অংশ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা।
গাড়িতে থাকা ব্যক্তির পরিচয় হিসেবে জানা গিয়েছে, তিনি অসম-এর বাসিন্দা এবং পেশায় রেশন ডিলার ও সুপারির ব্যবসায়ী বিকেন ঈশ্বরারি। তবে এত বিপুল পরিমাণ নগদ টাকা গাড়িতে কেন রাখা হয়েছিল, তার সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি বলে পুলিশ সূত্রে দাবি।
ঘটনার পরই উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনকালীন সময়ে বেআইনি অর্থ লেনদেন বা ভোটে প্রভাব বিস্তারের আশঙ্কায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় এই ধরনের তল্লাশি আরও জোরদার করা হবে এবং সন্দেহজনক যেকোনো লেনদেনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *