
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে জটেশ্বরের সাহাপাড়া এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল শ্রী রামচন্দ্রের পূজা।
স্থানীয় ইয়ং কালচারাল ইউনিট-এর উদ্যোগে সাহাপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এই পূজার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এই প্রথমবারের মতো এলাকায় রামনবমী উপলক্ষে এমন পূজার আয়োজন করা হয়েছে, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
শুক্রবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমতে শুরু করে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিয়ম মেনে সম্পন্ন হয় পূজা-পাঠ। ভক্তরা ভগবান রামের আরাধনায় অংশ নিয়ে এলাকার শান্তি ও মঙ্গল কামনা করেন।
সন্ধ্যায় প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এই পূজাকে আরও বৃহৎ আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে ভক্তি, উৎসাহ ও সম্প্রীতির আবহে মুখর হয়ে ওঠে সাহাপাড়া এলাকা।












Leave a Reply