জটেশ্বরে তৃণমূলের পতাকা ছেঁড়া ঘিরে রাজনৈতিক তরজা, দোষারোপে তৃণমূল-বিজেপি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের জটেশ্বর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে রবিবার সকাল থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গিয়েছে, জটেশ্বর বাজার লাগোয়া সুভাষ পল্লি এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে লাগানো তৃণমূলের একাধিক পতাকা রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে ফেলে দেয়। পরে সেই পতাকাগুলি নর্দমা ও আশপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪১ নম্বর পার্ট এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। সংশ্লিষ্ট পার্টের তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস সরকার বলেন, “নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি এই ধরনের কাজ করছে। তবে এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। বিজেপির ফালাকাটা ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা বলেন, “বিজেপি এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিতে বিশ্বাস করে না। আমরা এই ঘটনার নিন্দা করছি। তবে আমাদের ধারণা, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এ ধরনের ঘটনাকে ঘিরে উত্তাপ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *