পুলিশ অবজারভারকে ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা তৃণমূলের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের প্রাক্কালে মালদায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হল পুলিশ অবজারভারকে ঘিরে। অবজারভার ও তাঁর স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকশি।
তৃণমূলের অভিযোগ, সংশ্লিষ্ট পুলিশ অবজারভার জয়ন্ত কান্ত-এর স্ত্রী বিজেপির নেত্রী এবং তিনি বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন। এই প্রসঙ্গ তুলে তৃণমূলের দাবি, ইচ্ছাকৃতভাবে বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হচ্ছে।
আব্দুর রহিম বকশি বলেন, “বিহারের বাসিন্দা জয়ন্ত কান্তকে মালদার চারটি বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার করে পাঠানো হয়েছে। এতে স্পষ্ট, বিজেপি ঘনিষ্ঠ আইএএস ও আইপিএসদের এনে বাংলার ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে।”
তিনি আরও অভিযোগ করেন, যেসব পুলিশ ও প্রশাসনিক আধিকারিক ভালো কাজ করছিলেন, তাঁদের সরিয়ে নতুন ও অনভিজ্ঞ অফিসারদের আনা হচ্ছে। এর মাধ্যমে পুরো প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এছাড়াও নির্বাচন কমিশনকেও কটাক্ষ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন কার্যত অমিত শাহর কথামতো কাজ করছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।”
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা বিজেপির তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *