
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাচ্চা চুরির অভিযোগকে কেন্দ্র করে মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতার গণপিটুনি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
জানা গিয়েছে, একটি সাদা রঙের স্করপিও গাড়িতে করে শিশুকে তুলে নিয়ে পালানোর অভিযোগ ওঠে। পরে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় গাড়িটিকে আটক করা হয় এবং সেখান থেকে এক নাবালক শিশুকে উদ্ধার করা হয়।
অভিযোগ, এদিন রাতে ইংলিশ বাজার থানার সুস্তানি মোড় এলাকা থেকে প্রায় ৮ বছরের এক শিশুকে অপহরণের চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হতেই দ্রুত সতর্কবার্তা পাঠানো হয় মধুঘাট নাকা চেকিং পয়েন্টে। এরপর পুলিশ তৎপরতা দেখিয়ে গাড়িটিকে ধাওয়া করে সুজাপুর ট্রাফিক এলাকায় আটক করে।
শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হলেও, এক অভিযুক্তকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply