
মালদা, নিজস্ব সংবাদদাতা:- কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই মালদার চাঁচল বিধানসভায় দলের একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটল। রবিবার রাতে এই ক্ষোভের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখানো হয়।
চাঁচলের তরলতলা এলাকায় কংগ্রেস কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীরা আসবাবপত্র ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রার্থী বদলের দাবিতে সরব হন।
কংগ্রেস কর্মীদের দাবি, আনজারুল হক জনি-কে প্রার্থী করা উচিত ছিল। কিন্তু দলের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব-কে প্রার্থী করা হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের একাংশ অভিযোগ করেন, জেলা সভাপতি ইসা খান টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সমঝোতা করে এই প্রার্থী নির্বাচন করেছেন, যাতে শাসক দল সুবিধা পায়। যদিও এই অভিযোগের বিষয়ে দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রার্থী বদল না হলে আন্দোলন আরও তীব্র হবে।
এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এবং এখন দেখার বিষয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়।












Leave a Reply