
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৭ মার্চ World Theatre Day উপলক্ষে বালুরঘাটে অভিনব উদ্যোগ নিল কথক নাট্য বিদ্যালয় (শিশু-কিশোর)। সকালে শহরের রাস্তায় বসানো হয় এক ঘণ্টার ‘ওপেন স্ট্রিট লাইব্রেরি’, যেখানে সাধারণ মানুষ নাটকের বই হাতে নিয়ে পড়ার সুযোগ পান।
এই লাইব্রেরিতে রাখা হয়েছিল বিশিষ্ট নাট্যকার উৎপল দত্ত-র নাটক সমগ্র, Konstantin Stanislavski-র অভিনেতার প্রস্তুতি, শাঁওলি মিত্র-র নাথবতী অনাথবৎ সহ একাধিক গুরুত্বপূর্ণ নাট্যগ্রন্থ।
চায়ের কাপ হাতে বই উল্টেপাল্টে দেখলেন নাট্যকর্মী ঝন্টু হালদার ও রাকেশ প্রামাণিক। রাস্তার পাশে এমন উদ্যোগ দেখে আগ্রহী হয়ে বই দেখতে ভিড় জমান পথচারীরাও।
লাইব্রেরির পেছনে পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় বালুরঘাটের ১১৭ বছরের নাট্য ঐতিহ্য—বিভিন্ন নাট্যদলের নাম ও তাদের উল্লেখযোগ্য প্রযোজনার তালিকা। পাশাপাশি জোরালোভাবে উঠে আসে একটি বিশেষ দাবি—শহরে শুধু নাটকের জন্য একটি নির্দিষ্ট ‘দেওয়াল’ তৈরি করা হোক।
কথক নাট্য বিদ্যালয়ের সম্পাদক ও নির্দেশক তুহিনশুভ্র মণ্ডল জানান, “বালুরঘাটকে নাটক ও সংস্কৃতির শহর হিসেবে আরও সমৃদ্ধ করতে প্রতি মাসে এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, নাটকের প্রচার ও চর্চার জন্য একটি নির্দিষ্ট দেওয়াল তৈরির দাবিও জানানো হয়েছে।”
এই ব্যতিক্রমী উদ্যোগ শহরের সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে এমন আয়োজনের আশা প্রকাশ করেছেন অনেকেই।












Leave a Reply