মালদায় রহস্যমৃত্যু, গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার—আত্মহত্যা না অন্য কিছু?

মালদা, নিজস্ব সংবাদদাতা:-  মালদহে ফের গুলিবিদ্ধ যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে কালিয়াচক এলাকার শ্রীরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম আব্দুল জব্বার (বয়স আনুমানিক ২০)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে শেখপুরা মাঠে যাওয়ার আগে ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলেন আব্দুল। অভিযোগ, সেই সময়ই তিনি মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আত্মঘাতী হওয়ার ইঙ্গিত দেন। পরে পরিবারের লোকজন মাঠে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।
তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবা পেশায় বিড়ি শ্রমিক, এবং আব্দুলও বাবার সঙ্গে একই কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে এই চরম পদক্ষেপ—তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে প্রশ্ন উঠছে, যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল কীভাবে?
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার মালদা মেডিকেল কলেজের মর্গের সামনে শোকার্ত পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *