মালদায় শুরু নমিনেশন প্রক্রিয়া, প্রশাসনিক ভবনে কড়া নিরাপত্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৩শে এপ্রিল রাজ্যের একাধিক বিধানসভার পাশাপাশি মালদায় প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই প্রেক্ষিতে সোমবার থেকে মালদায় শুরু হল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া, যা চলবে ৯ই এপ্রিল পর্যন্ত।
মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। এই কেন্দ্রগুলি হল— গাজোল, ইংলিশ বাজার, বৈষ্ণবনগর, মালদা, সুজাপুর, মোথাবাড়ি, হবিবপুর এবং মানিকচক। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখানেই তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন।
নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক ভবনে প্রবেশের মুখেই বসানো হয়েছে লক গেট। প্রার্থীদের সঙ্গে আসা দলীয় কর্মী-সমর্থকদের সেখানেই আটকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রার্থী এবং নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিকে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
এছাড়াও, প্রশাসনিক ভবন চত্বরে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
নির্বাচনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *