হিলির বিকট কালী মন্দিরে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, ভক্তদের ঢল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত শ্রী শ্রী বিকট কালী মন্দিরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। বৃহস্পতিবার বিকেলে মন্দির ট্রাস্টের উদ্যোগে এবং অসংখ্য রামভক্তের উপস্থিতিতে ভগবান শ্রী রামচন্দ্র-এর প্রতিকৃতি নিয়ে এই শোভাযাত্রা ত্রিমোহিনীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
ধর্মীয় আবেগে ভাসা এই শোভাযাত্রায় ভক্তদের ঢল নামে। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি এবং রাম নাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উৎসবের আবহে শোভাযাত্রাটি এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
শোভাযাত্রার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে মহাপুজো, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রীতিরও এক গুরুত্বপূর্ণ প্রতীক।
বিকট কালী মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতাতেই এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ত্রিমোহিনীর এই ঐতিহ্যবাহী উৎসব গোটা এলাকায় এক আলাদা মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *