এক লক্ষ টাকা কুড়িয়ে ফিরিয়ে দিলেন ট্রাফিক ওয়ার্ডেন, জঙ্গিপুরে সততার নজির। 

জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা:- মানবিকতা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন জঙ্গিপুরের ট্রাফিক ওয়ার্ডেন সাবির শেখ। রাস্তার উপর পড়ে থাকা প্রায় এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে তা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে এলাকায় প্রশংসার ঝড় তুলেছেন তিনি।
জানা গিয়েছে, এক ব্যবসায়ী তাঁর মহাজনের কাছে টাকা দিতে বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিলেন। একটি কালো ক্যারিব্যাগে করে টাকা নিয়ে যাওয়ার সময় জঙ্গিপুরের একটি ব্রিজ পার হওয়ার সময় অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায়। বিষয়টি তিনি তখন বুঝতেই পারেননি।
এই সময় ডিউটিতে যাওয়ার পথে ব্রিজের উপর পড়ে থাকা ব্যাগটি দেখতে পান সাবির শেখ। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটি তুলে খুলে দেখেন, ভেতরে ৫০০ টাকার নোটে ভর্তি বিপুল টাকা রয়েছে।
এক মুহূর্ত দেরি না করে তিনি বিষয়টি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর দ্রুত তৎপরতা শুরু হয় এবং তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়। পরবর্তীতে ওই ব্যবসায়ী থানায় এসে প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে নিজের হারানো টাকা ফেরত পান।
নিজের টাকা ফিরে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাফিক ওয়ার্ডেন ও পুলিশের প্রতি।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও বাসিন্দারা পুলিশের সততা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, এমন ঘটনা সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *