
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল মালদার একাধিক এলাকা। রতুয়া-১ নম্বর ব্লকের বাহাড়াল, ইংলিশ বাজারের সাতটারি, মোথাবাড়ি বাবলা, কাশিমবাজার সহ জেলার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
এদিন বিক্ষোভকারীরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, বেঞ্চ ও বিভিন্ন জিনিস ফেলে পথ অবরোধ করেন। ফলে সকাল থেকেই একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট বিএলও বা ব্লক আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সদুত্তর মেলেনি বলে দাবি তাঁদের।
মালদার মোথাবাড়ি এলাকায় অবরোধে সামিল হন কংগ্রেসের বিধানসভা প্রার্থীও। তিনি বিক্ষোভকারীদের পাশে বসে সমর্থন জানান, যা ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও অবরোধ তুলতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন।
এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় চরম উত্তেজনা ছড়িয়েছে।












Leave a Reply