মন্তেশ্বরে তৃণমূলের মহা মিছিল, তোলা বন্ধের বার্তা সিদ্দিকুল্লা চৌধুরীর।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল এক বিশাল নির্বাচনী মহা মিছিল। এই মিছিলে নেতৃত্ব দেন সিদ্দিকুল্লা চৌধুরী।
দীর্ঘনগর গ্রামের মোড় থেকে শুরু হয়ে মিছিলটি কুসুমগ্রাম বাজারের চৌমাথায় এসে শেষ হয়। মিছিলে অগণিত মানুষ পা মেলান, ফলে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
মিছিল শেষে কুসুমগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন চৌমাথায় বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, কুসুমগ্রাম বাস ইউনিয়নের টাকা-পয়সা আর কোনও নেতার হাতে যাবে না, সেই অর্থ গরিব মানুষের মধ্যে বণ্টন করা হবে। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দেন, বাজারে ‘তোলা’ প্রথা আজ থেকেই বন্ধ করতে হবে এবং ব্যবসায়ীদেরও কোনও রকম তোলা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মন্তেশ্বর বিধানসভা এলাকায় অধিকাংশ মানুষ একসঙ্গে ভোট দেওয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। তবে নাম না করে কয়েকজনের বিরুদ্ধে কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, কুসুমগ্রামে আগুন লাগানোর ঘটনার জন্য তাঁদের জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।
আসন্ন নির্বাচনের আগে এই মহা মিছিল এবং প্রার্থীর বক্তব্যকে ঘিরে মন্তেশ্বরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *