মোথাবাড়িতে ভোটার তালিকা ইস্যুতে কংগ্রেসের ধর্না, উত্তেজনা এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়াল। মঙ্গলবার কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসল জাতীয় কংগ্রেস।
এই ধর্না কর্মসূচির নেতৃত্ব দেন মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের বহু কর্মী-সমর্থক।
ধর্না মঞ্চ থেকে সায়েম চৌধুরীর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যাচাইয়ের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে।
তাঁর আরও অভিযোগ, একই ধরনের নথি জমা দেওয়ার পরেও কারও নাম তালিকায় থাকছে, আবার কারও নাম বাদ যাচ্ছে—যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করেই এই কাজ করা হচ্ছে।
কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যতক্ষণ না বৈধ ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধর্না আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *