
শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের ভিন্ন ধারায় নজর কাড়ছেন বিজেপি প্রার্থী স্বপন দাস। প্রাক্তন শিক্ষক হিসেবে পরিচিত এই প্রার্থী প্রতিদিন ভোরবেলা মাঠে শরীরচর্চার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছেন।
পেশাগত জীবনে তিনি ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক। সেই অভ্যাস বজায় রেখেই প্রতিদিন সকালে শান্তিপুরের বিভিন্ন মাঠে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে। সোমবার সকালেও তেমনই এক দৃশ্য ধরা পড়ে, যেখানে শরীরচর্চার পর স্থানীয়দের সঙ্গে চা খেতে খেতে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় তাঁকে।
প্রার্থী নিজেই জানান, এটি তাঁর বহুদিনের অভ্যাস। তবে বর্তমানে প্রার্থী হওয়ার পর এই অভ্যাসই জনসংযোগের একটি মাধ্যম হয়ে উঠেছে।
অন্যদিকে, সকালে মাঠে আসা স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, দলমত নির্বিশেষে মাঠের সঙ্গে যুক্ত একজন মানুষ বিধায়ক হলে খেলাধুলার প্রসারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ প্রয়োজন বলেও মত তাঁদের।
নির্বাচনের আগে এই ভিন্নধর্মী প্রচার কৌশল শান্তিপুরে ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।












Leave a Reply