ভোটার তালিকা থেকে নাম বাদ, ইংরেজবাজারে উত্তাল বিক্ষোভ—রাস্তা অবরোধে গ্রামবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার উত্তাল হয়ে উঠল মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকা। একাধিক জায়গায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে বহু ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র জমা দেওয়ার পরেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই অমৃতির বিভিন্ন এলাকায় মালদা-মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে ঝাঁটা নিয়ে তাঁরা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হন। অবরোধ চলাকালীন রাস্তাতেই রান্নার ব্যবস্থাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের, যা পরিস্থিতির তীব্রতাকে আরও স্পষ্ট করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচটি গ্রামের মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছেন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে উদ্যোগী হয়েছে।
এই ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগও চরমে ওঠে, কারণ দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ ব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *