
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী নির্বাচন ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা করেছেন।
জানা গেছে, বালুরঘাটের বর্তমান বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী-কে টিকিট না দিয়ে তাঁর পরিবর্তে বিদ্যুৎ কুমার রায়-কে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ক্ষোভ উগরে দেন সুশীল মার্ডি।
এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন। আগামী ৪ তারিখে তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে, স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বলেন, প্রার্থী নির্বাচন সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হয়, এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো গুরুত্ব নেই। তিনি আরও জানান, সুশীল মার্ডির এই পদক্ষেপ দলবিরোধী এবং বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে, বিশেষ করে বিজেপির অন্দরেই বিভাজনের ছবি সামনে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply