গঙ্গারামপুরে ব্যানার ঘিরে বিতর্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর সরকারি জায়গা থেকে রাজনৈতিক ব্যানার-পোস্টার সরাতে প্রশাসন সক্রিয় হলেও, গঙ্গারামপুরে নতুন করে বিতর্ক তৈরি হল বিজেপি প্রার্থীর ব্যানার ঘিরে।
অভিযোগ, ইন্দ্রনারায়ণপুর কলোনী রেলগেট সংলগ্ন এলাকায় সরকারি জমিতে থাকা গাছে রবিবার রাতে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়-এর ব্যানার লাগানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
ঘটনার খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
গৌতম দাস অভিযোগ করেন, “আমাদের ব্যানার আগে লাগানো ছিল, বিজেপি সিআরপিএফ ব্যবহার করে তা খুলিয়ে দেয়। অথচ এখন নিজেরাই সরকারি জায়গায় ব্যানার লাগিয়ে পরিবেশ নষ্ট করছে।”
অন্যদিকে এই অভিযোগের জেরে ভারতীয় জনতা পার্টি-র সঙ্গে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি ভারতের নির্বাচন কমিশন-এর নজরে আনার কথাও জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *